Views Bangladesh Logo

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে ওঠার পর বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি সভাকক্ষ থেকে বেরিয়ে যান। নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের বাইরে বিক্ষোভও করেন কয়েক শ মানুষ।

নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় কক্ষের উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাঁকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানায় এবং তালি দেয়। অধিবেশনের সভাপতি পরিস্থিতি শান্ত করতে বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

নেতানিয়াহু তাঁর বক্তব্যে বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তারাও দয়া করে বের হয়ে যান।’ ফিলিস্তিনের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রকে যৌথভাবে তাঁর ভাষণ বর্জন ও ওয়াকআউট করার অনুরোধ জানানো হয়েছিল বলে এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারকে উল্লেখ করা হয়েছে।

এদিকে নেতানিয়াহুর বক্তব্য চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের কাছে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের অনেকে ফার্স্ট অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ এবং গাজা ও ইরানের বিষয়ে বিভিন্ন স্লোগান দেন। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে।

জাতিসংঘে ভাষণ দিতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন। এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো বৈঠকের কর্মসূচি ছিল না। তবে ভাষণে ট্রাম্পের প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল নিজেদের রক্ষা করে যাবে এবং এই লড়াইয়ে ট্রাম্পের চেয়ে বড় কোনো অংশীদার তারা পায়নি।

নেতানিয়াহু ইরানেরও কড়া সমালোচনা করেন। ইরানে ‘খুনে স্বৈরশাসন’ চলছে দাবি করে তিনি বলেন, দেশটির নেতৃত্বের পতন ‘দূরে নয়’। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি।

ভাষণে যুক্তরাজ্য ও ফ্রান্সেরও সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, দেশ দুটির নেতারা ইহুদিবিদ্বেষী জনতার কাছে নতি স্বীকার করেছেন। অন্যদিকে ফ্রান্স ও যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিভিন্ন নীতির সমালোচনা জোরদার করেছে।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও কূটনৈতিক চাপের মধ্যে নেতানিয়াহু জাতিসংঘে এই ভাষণ দেন। তাঁর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউট সেই বিরোধিতারই একটি প্রকাশ হিসেবে দেখা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ