Views Bangladesh Logo

ডিবিতে খাবার টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো জাতীয় লেভেলের মশকরা: হাইকোর্ট

বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) এই রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তাকে আবার খাবার টেবিলে বসাবেন। ডিবিতে খাবার টেবিলে বসিয়ে খাইয়ে ছবি দেখানো জাতীয় লেভেলের মশকরা। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না’। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

শুনানির একপর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘টিভিতে দেখেছি, এই ছয়জন (সমন্বয়ক) কাঁটাচামচ দিয়ে খাচ্ছে।’ তখন আদালত বলেন, ‌‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে ধরে নেন, তাকে একটি খাবার টেবিলে বসিয়ে দেন।’

এর আগে গত রোববার (২৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাশতা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের ছবির ক্যাপশনে হারুন লেখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’

এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। এতে বিক্ষোভের সময় ছাত্রদের ওপর গুলি না করার, আন্দোলনকারী ছয়জনকে ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়ার ও কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আত্মীয়স্বজনকে ছেড়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারাদেশে সোমবার ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (২৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমকর্মীদের এটি দেন আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এর আগে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা আন্দোলনের ছয় সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতোমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি।’

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ