আর্জেন্টিনার স্বপ্নযাত্রার আগে সতীর্থদের হৃদয়ছোঁয়া বার্তা ডি মারিয়ার
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা আনহেল ডি মারিয়া আর মাঠে নামবেন না, তবে দেশের প্রতি তার ভালোবাসা ও আবেগ এখনো অটুট। ২০২৬ ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সাবেক সতীর্থদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন এই বিশ্বকাপজয়ী উইঙ্গার।
২০২৪ কোপা আমেরিকা জয়ের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। পরবর্তীতে বুয়েনস আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। সেই বিদায়ের পর এবারই প্রথম তিনি বিশ্বকাপের মঞ্চে গ্যালারি থেকে আর্জেন্টিনাকে সমর্থন করছেন, যা তার জন্য এক নতুন অভিজ্ঞতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এই তারকা লেখেন, ‘আজ শুরু হচ্ছে আরেকটি নতুন স্বপ্নের যাত্রা। হৃদয়ে হাত রেখে শুধু বলতে চাই, বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত আমরা তোমাদের সঙ্গেই আছি। আমি জানি মাঠে থাকার অনুভূতি কেমন, আর এখন জানি শুধু একজন সমর্থক হয়ে পাশে থাকার অনুভূতিও কেমন। তোমাদের যে স্বপ্ন, সেটিই আজ প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এবার সবকিছু জিতে নিয়ে এসো। এগিয়ে যাও আর্জেন্টিনা!’
ডি মারিয়ার এই বার্তা প্রকাশের পর মুহূর্তেই আর্জেন্টাইন ভক্তদের মধ্যে আবেগের ঢেউ ওঠে। কারণ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের সবচেয়ে বড় সাফল্যগুলোর পেছনে তার অবদান ছিল অসামান্য। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার করা ঐতিহাসিক গোল, ফিনালিসিমায় ইতালির বিপক্ষে দারুণ পারফরম্যান্স এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার গুরুত্বপূর্ণ ভূমিকা- সব মিলিয়ে তিনি আর্জেন্টিনার সোনালি যুগের অন্যতম নায়ক হিসেবে বিবেচিত।
জাতীয় দলের জার্সিতে একাধিক শিরোপা জয়ের পর বিদায় নেওয়া ডি মারিয়া এখন আর মাঠের খেলোয়াড় নন, বরং একজন নিবেদিতপ্রাণ সমর্থক। তবে দূরে থেকেও লিওনেল স্কালোনির দলের প্রতি তার আস্থা, ভালোবাসা ও সমর্থন যে একটুও কমেনি- সেটাই আবারও স্পষ্ট হয়ে উঠল তার এই আবেগমাখা বার্তায়।
মতামত দিন