Views Bangladesh Logo

পদত্যাগের পর সংসদে গিয়েই উষ্ণ অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান

ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর প্রথমবার সংসদে এসে দলীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সোমবার সংসদ ভবনে পৌঁছালে বিজেপি ও এনডিএ জোটের বহু সাংসদ তাকে স্বাগত জানান। গাড়ি থেকে নেমে তিনি উপস্থিত সবার শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় ‘ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সংসদ চত্বর। কয়েকজন সাংসদ তাকে মালা পরিয়ে, ঐতিহ্যবাহী টুপি ও শাল উপহার দিয়ে সম্মান জানান।

অভ্যর্থনার সময় এক বিজেপি সাংসদ মন্তব্য করেন, ব্যক্তিগত দুর্নীতির কোনো অভিযোগ ছাড়াই কোনো মন্ত্রীর পদত্যাগের ঘটনা বিরল। অন্যদিকে বিরোধী কংগ্রেসের নেতা জয়রাম রমেশ এ বিষয়ে মন্তব্য করলে ধর্মেন্দ্র প্রধান জবাবে বলেন, তিনি ‘এসি কক্ষে বসে রাজনীতি করা কর্মী নন’, বরং একজন ‘স্ট্রিট ফাইটার’।

এনইইটি (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে বিরোধী দলগুলোর দীর্ঘদিনের চাপের মুখে সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন ধর্মেন্দ্র প্রধান। তবে তার সমর্থকদের দাবি, তিনি জাতীয় স্বার্থ ও রাজনৈতিক জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, এতে তার রাজনৈতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হয়েছে।

রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা চলছে, বিজেপি তাকে দলের সাংগঠনিক দায়িত্বে আনতে পারে অথবা আসন্ন পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে পারে। দলীয় সূত্রগুলোও ইঙ্গিত দিচ্ছে, জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আগের মতোই গুরুত্বপূর্ণ থাকবে।

পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তবে এটি তার ব্যক্তিগত সম্মানের প্রশ্ন নয়; বরং দেশের তরুণদের স্বার্থই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারতের যুবসমাজকে বিভ্রান্তির শিকার হতে দেওয়া যাবে না এবং তাদের স্বার্থ রক্ষায় তিনি কাজ চালিয়ে যাবেন।

ধর্মেন্দ্র প্রধান দীর্ঘদিন ধরেই ওডিশা বিজেপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। বিভিন্ন রাজ্যের নির্বাচনে দলের দায়িত্ব পালন এবং সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হিসেবে বিবেচিত হন। দলীয় নেতাদের মতে, তার পদত্যাগে ওডিশায় কিংবা জাতীয় রাজনীতিতে তার প্রভাব কমবে না।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ