Views Bangladesh Logo

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

শেখ মুজিবুর রহমানের ৫১তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ধানমন্ডি ৩২ নম্বর এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে শ্রদ্ধা নিবেদন বা ফুল দিতে আসতে দেখা যায়নি।

শনিবার (১৫ আগস্ট) সকালে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাজুড়ে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দিয়ে পথটি বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেডের ভেতরের অংশজুড়ে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে প্রস্তুত রাখা হয়েছে জলকামান।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যরা জানান, সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সতর্ক নজরদারির আওতায় আনা হয়েছে। ৩২ নম্বর রোডের পশ্চিম পাশের প্রবেশদ্বারেও র‍্যাব ও পুলিশের জোরালো উপস্থিতি দেখা গেছে।

সূত্রে আরও জানা গেছে, ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাসভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ সংরক্ষিত রাখা হয়েছে। এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই নিরাপত্তা ব্যবস্থা ও তৎপরতা আরও জোরদার করা হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ