Views Bangladesh Logo

ঈদুল আজহায় ঢাকায় বসছে ২৬টি পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকায় মোট ২৬টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে প্রতিটি সিটি করপোরেশন ১৩টি করে হাট পরিচালনা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, অধিকাংশ হাটের ইজারা প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী ঈদের দিনসহ মোট পাঁচ দিন পশুর হাটে বেচাকেনা চলবে। তবে আনুষ্ঠানিকভাবে শুরুর চার-পাঁচ দিন আগেই অনেক সময় বেচাকেনা শুরু হয়ে যায়।

শহরের বিভিন্ন খোলা জায়গা, পরিত্যক্ত প্লট এবং রাস্তার ধারে ১২টি অস্থায়ী হাট পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে পোস্তগোলা শ্মশান সংলগ্ন জমি, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল রাস্তার দুই পাশ, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব এলাকা, রহমতগঞ্জ ক্লাব, আমুলিয়া মডেল টাউন এবং আফতাবনগরের নির্দিষ্ট অংশ। এছাড়া শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড সড়ক, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী ওয়াটার পাম্প সংলগ্ন এলাকা, দয়াগঞ্জ থেকে জুরাইন রেলক্রসিং, বনশ্রীর মোস্তমাজি মোড় এবং গোলাপবাগ স্টাফ কোয়ার্টার সংলগ্ন এলাকায় হাট বসবে। তবে পানি উন্নয়ন বোর্ড জমি অধিগ্রহণ করায় স্থায়ী সারুলিয়া পশুর হাটটি এবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএসসিসি কর্মকর্তারা।

অন্যদিকে গাবতলীর স্থায়ী হাটের পাশাপাশি ১২টি অস্থায়ী হাট পরিচালনা করবে ঢাকা উত্তর করপোরেশন (ডিএনসিসি)। অস্থায়ী হাটগুলোর মধ্যে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের জায়গা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিং, কালশী বালুর মাঠ, মেরুল বাড্ডা কাঁচাবাজার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা, পূর্ব হাজীপাড়ার ইকরা মাদ্রাসা সংলগ্ন এলাকা এবং মোহাম্মদপুরের ৪০ ফুট রাস্তা। এছাড়া উত্তরা ১৬ ও ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ী, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা স্লুইস গেট পর্যন্ত এলাকা, কাঁচকুরা বাজারের কাছে রহমান নগর, মাস্তুল চেকপোস্ট এবং ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন এলাকায় হাট বসানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম সতর্ক করে জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে বা অননুমোদিত স্থানে কোনো হাট বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, জনদুর্ভোগ কমাতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্বচ্ছভাবে ইজারা দেওয়া হচ্ছে এবং কোনো অভিযোগ থাকলে তার আপিল করার সুযোগও রাখা হয়েছে।

ঈদের পশু কেনাবেচাকালে শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ