Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকা, ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত

টানা ষষ্ঠ ঘণ্টার ভারী বৃষ্টিতে রোববার (১২ জুলাই) ভোর থেকেই জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৯৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে রাজধানীতে একটানা ছয় ঘণ্টায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির বলেন, মাসের এই সময়ে ঢাকায় এত বেশি বৃষ্টিপাতের ঘটনা এবারই প্রথম রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে রোববারও ঢাকা, রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায়। এছাড়া নিচু এলাকার বহু সড়ক ও আবাসিক গলিও পানিতে ডুবে যাওয়ায় অফিসগামী ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলেও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতোমধ্যে সাতটি জেলায় বন্যা দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ