দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার (২৪ নভেম্বর) শীর্ষস্থান দখল করেছে ঢাকা। সকাল সাড়ে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩২৩ স্কোর নিয়ে ঢাকার বাতাস 'বিপজ্জনক' অঞ্চলে রয়েছে। এই প্রতিবেদন প্রকাশ করেছে আইকিউএয়ার।
পাকিস্তানের লাহোর এবং ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ৩০৬, ২৮৪ এবং ২১৬ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে