ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আগের আহ্বায়ক কমিটি বিলুপ্তির এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে ১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে তাঁকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে শফিকুল ইসলাম খান মিল্টন জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, এস এম জাহাঙ্গীর সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।
গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বর এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মহানগর উত্তর বিএনপির একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপরই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয় বিএনপি।
মতামত দিন