Views Bangladesh Logo

অঝোর বৃষ্টিতে পানির নিচে রাজধানী, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি আজও থামেনি। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল প্রায় থমকে গেছে, চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষসহ পথে বের হওয়া নগরবাসী। বৈরী আবহাওয়ায় রাজধানীর কয়েকটি স্কুলের চলমান পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টাতেই ঝরেছে ৩৮ মিলিমিটার। আর মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত ছয় ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৬ মিলিমিটার, যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

টানা বর্ষণে যাত্রাবাড়ী, কুতুবখালী, শনির আখরা এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেলা সাড়ে ১১টার দিকেও পানির নিচে তলিয়ে ছিল। দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কে পানি জমেছে, পুরানা পল্টন কালভার্ট রোডে হাঁটুপানি। ওই এলাকার ছোট ছোট দোকানেও রাস্তার পানি ঢুকে পড়েছে। শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত সড়ক, আরামবাগ ও ফকিরাপুলের অলিগলি এবং শান্তিনগর, রাজারবাগ ও নয়পল্টনের মূল সড়কেও প্রায় হাঁটুপানি দেখা গেছে। কাকরাইলের অলিগলিও পানিতে ডুবে আছে। এছাড়া মহাখালীর দক্ষিণপাড়ার মূল সড়ক এবং খিলক্ষেত থেকে লেকসিটি পর্যন্ত সড়কও হাঁটুর কাছাকাছি পানিতে ডুবে ছিল।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, ভারী বর্ষণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেইট ও মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে কয়েক জায়গায় যানজট সৃষ্টি হয়। বিশেষ করে কাকলী মোড়ে এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কের যানবাহনকে বাড়তি সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে। দিলকুশা ও মতিঝিল বাণিজ্যিক এলাকাতেও যানজটে পড়ে কর্মস্থলে পৌঁছাতে বিপাকে পড়েন অফিসমুখী যাত্রীরা।

মেট্রোরেল স্বাভাবিকভাবে চললেও যাত্রীর চাপ ছিল বেশি; বৃষ্টির সময় সচিবালয় ও মতিঝিল স্টেশনে কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে। সড়কে এদিন ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল তেমন চোখে পড়েনি, ফলে গণপরিবহনে ভিড় ছিল স্বাভাবিক দিনের চেয়েও বেশি।

ভাড়া নিয়ে নৈরাজ্য, পথে পথে অপেক্ষা
জলাবদ্ধতার সুযোগে কোথাও কোথাও কয়েক গুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। দূরের গন্তব্যের জন্য খুঁজেও মিলছে না সিএনজিচালিত অটোরিকশা।

কাজীপাড়ার ওপর দিয়ে মেট্রোরেল চললেও নিচের সড়কে হাঁটুপানি জমায় গণপরিবহনের সংকট দেখা দিয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পরও গণ-পরিবহন মিলছে না। রাজধানীর অন্যান্য সড়কেও একই দশা।

কয়েকটি স্কুলে পরীক্ষা স্থগিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক-নির্বাচনী এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ধানমণ্ডি কামরুন্নেছা স্কুলের অর্ধবার্ষিকী ও প্রাক-নির্বাচনী পরীক্ষাও বৈরী আবহাওয়ায় স্থগিত করা হয়েছে। মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩–এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে যাওয়ায় প্রতিষ্ঠানটির চলমান অর্ধবার্ষিক পরীক্ষা কর্তৃপক্ষ স্থগিত করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ