Views Bangladesh Logo

১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ, না হলে ব্যবস্থা

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে একটি জরুরি চিঠি জারি করা হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো চিঠিতে আগামী ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চ জারি করা পরিপত্রের আলোকে যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে দ্রুত কমিটি গঠন করতে হবে। নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই অ্যাডহক কমিটি গঠন করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন কোনো প্রতিষ্ঠান যাতে নির্দেশনার বাইরে না থাকে, সে বিষয়েও প্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করা হয়েছে। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকেই এর জন্য দায়ী করা হবে। এ ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

নিয়মিত পরিচালনা কমিটি গঠনের আগ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় তদারকি নিশ্চিত করতেই অ্যাডহক কমিটি গঠনের এই উদ্যোগ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন করে বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ