ঢাকার শিশুরা দিনে গড়ে ৫ ঘণ্টা স্ক্রিনে তাকিয়ে থাকছে, স্বাস্থ্যে বিরূপ প্রভাব: আইসিডিডিআর,বি
ঢাকার শিশুরা প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা মোবাইল, টিভি, ট্যাব বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কাটাচ্ছে। আইসিডিডিআর,বির নতুন এক গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের ঘুম কমছে এবং তারা স্থূলতা ও নানা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছে বলেও গবেষণায় দেখা গেছে।
২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ জন শিশুর ওপর এই গবেষণা পরিচালিত হয়। সম্প্রতি জার্নাল অব মেডিকেল ইন্টারনেট রিসার্চ (জেএমআইআর) হিউম্যান ফ্যাক্টরসে ফলাফলটি প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী শিশুদের ৮৩ শতাংশই বিনোদনের জন্য আন্তর্জাতিকভাবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি স্ক্রিন ব্যবহার করছে। প্রতি তিনজনে একজন চোখের সমস্যায় ভুগছে, প্রায় ৮০ শতাংশ নিয়মিত মাথাব্যথার কথা জানিয়েছে এবং প্রতি পাঁচজনে দুইজন এক বা একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত। এ ছাড়া শিশুদের প্রয়োজনীয় ঘুমের চেয়ে এক থেকে তিন ঘণ্টা কম ঘুম হচ্ছে।
গবেষণার প্রধান গবেষক ও আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. শাহরিয়া হাফিজ কাকন বলেন, শিশুর দেরিতে ঘুমানো, মাথাব্যথা, চোখের অস্বস্তি, অস্বাভাবিক খিটখিটে মেজাজ, মনোযোগ কমে যাওয়া বা বাইরে খেলতে না চাওয়ার মতো লক্ষণগুলো অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ইঙ্গিত হতে পারে। এগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা জরুরি, কারণ এসব লক্ষণ শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে