Views Bangladesh Logo

রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চালু হলো ই-টিকিটিং সিস্টেম

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে চালু হয়েছে ই-টিকিটিং সিস্টেম। নতুন এ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রোগীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা হাসপাতালটি পরিদর্শন করেন এবং নতুন ডিজিটাল সেবার কার্যক্রম ঘুরে দেখেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি রোগী ও স্বজনদের দুর্ভোগও বাড়ত। নতুন ই-টিকিটিং ব্যবস্থা সেই ভোগান্তি কমিয়ে সেবাপ্রক্রিয়াকে আরও কার্যকর করবে। নতুন ব্যবস্থায় একজন রোগীকে কেবল একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। এরপর তার ব্যক্তিগত তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে এলে একই তথ্য বারবার দিতে হবে না।

এছাড়া রোগীর পূর্ববর্তী চিকিৎসা গ্রহণের তথ্য, হাসপাতাল পরিদর্শনের ইতিহাস এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত তথ্যও ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এতে চিকিৎসকদের জন্য রোগীর চিকিৎসা-ইতিহাস পর্যালোচনা সহজ হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে ই-টিকিটিং সিস্টেমটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকেই এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ রোগীদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবাকে আরও স্বচ্ছ, আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সেবাগ্রহীতাবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ