Views Bangladesh Logo

শিশু রামিসা হত্যা: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা

শিশু রামিসা হত্যা মামলার আসামিদের পক্ষে কোনো আইনি লড়াই লড়বেন না ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সদস্যরা। সামাজিক দায়বদ্ধতা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ হিসেবে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’

গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীতে একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে শিশু রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার বাথরুমের একটি বালতি থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। এই লোমহর্ষক ও নৃশংস ঘটনার পর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা কৌশলে তাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ কেটে টুকরো করে খাটের নিচে ও বাথরুমে লুকিয়ে রাখা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনার পরপরই স্থানীয় জনতা সোহেল রানার স্ত্রীকে আটক করলেও মূল অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক ও বিশেষ অভিযানে শেষ রক্ষা হয়নি তার। বর্তমানে মামলাটি নিবিড়ভাবে তদন্ত করছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ