বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয়
২১২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। শনিবার (৯ ডিসেম্বর) সকালে ৯টা ১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে, তালিকার প্রথম দুটি স্থান দখল করেছে পাকিস্তানের দুই শহর। ২৭০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম স্থানে দেশটির লাহোর এবং ২১৪ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে করাচি শহর।
সাধারণত ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। এ ছাড়াও ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বায়ুদূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এ সম্পর্কিত ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
অন্যদিকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্যমতে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে আগের চেয়ে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে