স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আইনজীবী সিদ্দিক উল্লা মিয়া জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সারা দেশ থেকে অনেকে আবেদন করেন। রিটকারী ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ দেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে তারা ২০২১ সালে হাইকোর্টে রিট করেন।
চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রিটকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশও কার্যকর করা হয়নি।
পরে রিটকারীরা রায় বাস্তবায়নের জন্য পুনরায় আবেদন করলে আদালত ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগ কার্যকর করার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ না দেওয়ায় আদালত মহাপরিচালককে সশরীরে তলব করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে