জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের ঢলে মুখর রাজধানী
বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে যাত্রা শুরু করে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে স্বামীবাগ ইসকন আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। রথযাত্রা উপলক্ষে ইসকন বাংলাদেশ নয় দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। সকালে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বামীবাগ ইসকন মন্দিরের অডিটরিয়ামে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এছাড়া প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, শোভাযাত্রার পুরো পথে টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, বাইক মোবাইল টিম, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ মোতায়েন ছিল। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, নয় দিনব্যাপী এই উৎসবের সমাপনী অনুষ্ঠান হিসেবে আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে একই পথে উল্টো রথযাত্রা স্বামীবাগ আশ্রমে ফিরে যাবে।
মতামত দিন