Views Bangladesh Logo

২০ ফেব্রুয়ারির মধ্যে হজ নিবন্ধনের অবশিষ্ট টাকা জমার নির্দেশ

লতি বছরে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময় নয়দিন এগিয়ে এনেছে ধর্ম মন্ত্রণালয়। ফলে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা জমা দিতে হবে।

এর আগে এ বছর নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য ২৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিল মন্ত্রণালয়। তবে শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু ও মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে ন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আবুবকর সিদ্দীক ভিউজ বাংলাদেশকে বলেন, ‘২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সৌদি সরকার ২৫ ফেব্রুয়ারি চুক্তির সময় নির্ধারণ করে দেওয়ায় এ সময় এগিয়ে আনা হয়েছে।‘

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে হজ পালন করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ১৯৮ জন, বাকিরা যাবেন বেসরকারিভাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে।

এবারের হজ নিবন্ধন শুরু হয় গত ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সেই সময় আরো দুই দফায় ১৮ জানুয়ারি এবং পরে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

বিশেষ বিবেচনায় চতুর্থ দফায় সময় দেওয়া হয় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে হজের জন্য নিবন্ধনের সময় চার দফা বাড়িয়েও কোটার এক তৃতীয়াংশ পূরণ করা যায়নি।

প্রতি বছরের মত এবারও সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে খরচ হবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা খরচ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলোর সমিতি- হাব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ