মায়ের মৃত্যুর শোকে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন দেশম
মায়ের মৃত্যুর খবর পেয়ে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে ফ্রান্সে ফিরে যাচ্ছেন ফরাসি জাতীয় দলের প্রধান কোচ দিদিয়ের দেশম । ফলে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে মাঠে বসে নির্দেশনা দিতে পারবেন না তিনি।
মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, পারিবারিক শোকের কারণে দেশমকে সাময়িকভাবে দলের দায়িত্ব থেকে দূরে থাকতে হচ্ছে।
বিশ্বকাপে নিজেদের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে আগামী ২৬ জুন বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকবেন না দেশম।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, আজ সকালে কোচ দিদিয়ে দেশম তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি দলের সঙ্গে থাকবেন না এবং ম্যাচ চলাকালে দায়িত্ব সামলাবে কোচিং স্টাফ।
পারিবারিক এই শোকের ঘটনায় ফরাসি ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর সমবেদনা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচকে হারানো ফ্রান্স দলের জন্য বড় একটি মানসিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন