‘অর্থহীন’ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও জিততে চান দেশম
ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে না করলেও বিদায়ী ম্যাচটি জয় দিয়েই শেষ করতে চান ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির মধ্য দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে দীর্ঘ অধ্যায়ের ইতি টানবেন তিনি।
টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠার পর এবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স মায়ামিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ম্যাচটির গুরুত্ব নিয়ে প্রশ্ন থাকলেও দেশমের মতে, ফ্রান্সের জার্সি গায়ে মাঠে নামলে জয়ের জন্যই খেলতে হয়।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দেশম বলেন, এটি কোনো প্রীতি ম্যাচ নয়। এটি বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আমাদের দায়িত্ব শেষ লক্ষ্যটি অর্জন করা।
ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে মজার ছলে তৃতীয় স্থান অর্জনের পদককে ‘চকলেট পদক’ বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, কোচ দেশমকে জয় উপহার দিয়েই বিদায় জানাতে চায় পুরো দল।
কোনাতে বলেন, আমরা এই ম্যাচ খেলতে চাইনি, কিন্তু আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। কোচ ফ্রান্সের জন্য অনেক কিছু করেছেন। তার শেষ ম্যাচটি জিতেই আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই।
দীর্ঘ সময় ধরে ফ্রান্সকে একাধিক বড় টুর্নামেন্টের ফাইনালে তোলা দেশম বিদায়ের আবেগে ভেসে না গিয়ে খেলোয়াড়দের তৃতীয় স্থান নিশ্চিত করার দিকেই মনোযোগ দিতে বলেছেন।
তিনি বলেন, আমি জানি এটিই আমার শেষ ম্যাচ। তবে আমি চাই না কেউ কাঁদুক। একটি অধ্যায়ের শেষ হচ্ছে, কিন্তু জীবন চলতেই থাকবে।
মতামত দিন