ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত
ইউক্রেনের হামলায় রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান ও মেরিন কমান্ডার মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। দেশটির কুরস্ক অঞ্চলে সংঘটিত এ হামলায় গুদকভ নিহত হন বলে নিশ্চিত করেছেন প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো।
নিহত গুদকভ রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া আলোচিত ১৫৫তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে চলমান লড়াইয়ের মধ্যেই তার মৃত্যু হয়। গত বছর থেকেই ওই অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে আসছে ইউক্রেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গুদকভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে তিনি নিহত হন। তবে তার মৃত্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার।
এক বিবৃতিতে রুশ গভর্নর কঝেমিয়াকো জানান, তিনি গুদকভকে বীরত্বের পুরস্কার দিয়েছিলেন এবং তাঁদের মধ্যে বহু বছর ধরে ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল।
গুদকভকে ‘দৃঢ়চেতা যোদ্ধা’ হিসেবে অভিহিত করে গভর্নর কঝেমিয়াকো বলেন, একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি শহীদ হয়েছেন। তবে কীভাবে গুদকভের মৃত্যু হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
এক শোকবার্তায় কঝেমিয়াকো বলেন, ‘তিনি ছিলেন একজন সাহসী ও দৃঢ়চেতা সেনা কর্মকর্তা। যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি প্রাণ দিয়েছেন।’
চলতি বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুদকভকে নৌবাহিনীর উপকূলীয় ও স্থলবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন। তখন পুতিন বলেছিলেন, “আপনার অভিজ্ঞতা পুরো বাহিনীতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনার দায়িত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এদিকে গুদকভের নেতৃত্বাধীন ১৫৫তম ব্রিগেডের বিরুদ্ধে ইউক্রেন সরকার যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছিল। কিয়েভের দাবি, যুদ্ধের শুরুর দিকে বুচা, ইরপিন ও গস্তোমেল শহরে বেসামরিক নাগরিক হত্যায় এই ইউনিট জড়িত ছিল। ইউক্রেনীয় সীমান্তরক্ষীদের ভাষ্য, এই বাহিনী যুদ্ধবন্দী ইউক্রেনীয় সেনাদেরও হত্যা করেছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে