অক্টোবরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ড. এ এম এ মুহিত বলেন, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ কারণে এখন থেকেই সতর্কতা বাড়াতে হবে। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা এখনো কম। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সম্পৃক্ত করে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি বলেন, মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচার চালানো হবে। ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন।
বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
মতামত দিন