ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, প্রাণহানি ২০০ ছাড়াল
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য পাওয়া গেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেটিই ছিল চলতি বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পর্যবেক্ষণে প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর তথ্য যুক্ত হচ্ছে।
এর আগে মঙ্গলবার ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে ১ হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হন। পরদিন আরও ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে গেল।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মতামত দিন