ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে মারা গেছেন আরও একজন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৬৭৩ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৪ জন, রাজশাহীতে ১৪৫ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫০২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৫১ জন মারা গেছেন।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে খুলনায় ৮৭ জন, চট্টগ্রামে ৪৯ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।
মতামত দিন