Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, চলতি বছর প্রাণ গেল ১১১ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের ডেঙ্গু পরিস্থিতির হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অপর দুজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২৫২ জন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৩৬ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। এর মধ্যে আগস্টেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম দুই দিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগও বাড়ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ