ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৪৬৩
দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৬৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে এসব মৃত্যু ও শনাক্তের তথ্য পাওয়া গেছে।
নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। একই সময়ে আক্রান্তের মোট সংখ্যা ৪৬ হাজার ৮৫৭ জনে পৌঁছেছে।
এর আগে মঙ্গলবার এক দিনে ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ওই দিন নতুন করে ১ হাজার ৫৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়, যা এ বছরের এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও।
এর আগে ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে পাঁচজন করে মারা যান। তখন সেটিই ছিল চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আর ১ সেপ্টেম্বর ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল, যা মঙ্গলবারের আগ পর্যন্ত এ বছরের সর্বোচ্চ দৈনিক শনাক্তের সংখ্যা ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয় ৪১৩ জনের। এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
চলতি বছরের সেপ্টেম্বরেই ডেঙ্গু শনাক্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় ডেঙ্গু মোকাবিলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
মতামত দিন