ডেমরায় রিকশাচালককে ইট দিয়ে পিটিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি
রাজধানীর ডেমরায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রনিকে (২৫) আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, মাদককে কেন্দ্র করে দেলোয়ারের সঙ্গে রনির বিরোধের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। ভোরে কামারগোপ এলাকায় তাঁর পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
হামলার পর স্থানীয়রা রনিকে ধরে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের ওই কর্মকর্তা জানান, গণপিটুনিতে আহত রনির অবস্থা আশঙ্কাজনক।
এদিকে নিহত দেলোয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ ও হামলার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন