যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে এগিয়ে ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের আসনগুলোর প্রাথমিক ফল প্রকাশ শুরু হয়েছে। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৬ মিনিট পর্যন্ত ডেমোক্র্যাটরা ৫৬টি আসনে জয় পেয়েছে। বিপরীতে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ২৮টি আসন।
প্রতিনিধি পরিষদের বাকি ৩৫১টি আসনের ফল তখনো ঘোষণা করা হয়নি। এবারের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের সব কটি, অর্থাৎ ৪৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এই পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় নিশ্চিত করতে হবে।
প্রাথমিক ফলাফলে ওহাইও অঙ্গরাজ্যের তিনটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। তাঁরা হলেন জয়েস বিটি, এমিলিয়া সাইকস ও শন্টেল ব্রাউন। এ ছাড়া ভার্জিনিয়ার ১০ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী সুহাস সুব্রামানিয়াম।
অন্যদিকে রিপাবলিকানদের হয়ে কেনটাকির দ্বিতীয় কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয় নিশ্চিত করেছেন এস গাথরি। ফ্লোরিডার ১৬ নম্বর ডিস্ট্রিক্টে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী সিডনি গ্রুটার্স।
এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ৩৫টি আসনে ভোট হয়েছে। প্রাথমিক গণনায় কয়েকটি আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে সংশ্লিষ্ট সময়ের হিসাবে কোনো প্রার্থীকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্টের চার বছর মেয়াদি শাসনামলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নির্ধারিত হয়। ফলে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ক্ষমতাসীন প্রেসিডেন্টের আগামী দুই বছরের আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
মতামত দিন