‘দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে’, হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির মানচিত্র ও ভূগোল বদলে যেতে পারে এবং ভারত ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন খাজা আসিফ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে বড় ধরনের পাল্টা অভিযান চালায়। পাকিস্তানের দাবি, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলার পাশাপাশি আটটি যুদ্ধবিমান— যার মধ্যে রাফালও ছিল— এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন বা আন্তর্জাতিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি।
প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু-শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে জানান তিনি।
খাজা আসিফ বলেন, সাম্প্রতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন ‘বিব্রতকর অবস্থার’ মুখোমুখি। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আগের প্রভাবশালী সম্পর্কও দুর্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পাকিস্তান এই অঞ্চলে ‘সম্মানজনক অবস্থান’ তৈরি করেছে বলেও দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ভারত-ইসরায়েল সম্পর্ক নিয়েও কথা বলেন খাজা আসিফ। তার মতে, এই দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে মিল থাকতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে