Views Bangladesh Logo

দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়ল ভারতজুড়ে, মুম্বাইয়ে জনসমাগমে নিষেধাজ্ঞা

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে মুম্বাইয়েও। পরিস্থিতি সামাল দিতে মুম্বাই কর্তৃপক্ষ জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে, যা আগামী ৬ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই আদেশ অনুযায়ী, ৬ আগস্ট পর্যন্ত মুম্বাইয়ে অনুমতি ছাড়া পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত করার সুযোগ থাকবে না।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির জন্তরমন্তরে সাম্প্রতিক শিক্ষার্থী বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লির আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের জেরে মুম্বাইয়ে ৯০০ জনের বিরুদ্ধে আটটি এফআইআর দায়ের করা হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দিল্লির জন্তর মন্তরে চলমান বিক্ষোভ ক্রমেই তীব্র রূপ নিচ্ছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে পরিচালিত এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলন ক্রমেই গতি পাচ্ছে।

এই প্রেক্ষাপটে আজ সকালে নতুন এক ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।

ফেসবুক পোস্টে মোদি লেখেন, আমাদের তরুণ প্রজন্মের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকারের অব্যাহত প্রচেষ্টার অংশ এটি।

তিনি আরও লেখেন, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ