ভারতে আন্দোলনকারীদের পানি-খাবার দেওয়া জুনায়েদের পরিবারের সদস্যদের আটকের অভিযোগ
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের পানি ও খাবার সরবরাহ করায় মোহাম্মদ জুনায়েদ নামে এক যুবকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযানে তার বাবা ও ছোট ভাইকে নিয়ে যাওয়ার পাশাপাশি বোনের শ্বশুরবাড়িতেও গিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চলছিল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাসের পর শনিবার আন্দোলন শেষ হয়।
আন্দোলনের সময় অনেক সাধারণ মানুষ শিক্ষার্থীদের খাবার ও পানি দিয়ে সহায়তা করেন। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ জুনায়েদও। আন্দোলনকারীদের পানি দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা পুলিশের নজরে আসে বলে অভিযোগ।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য লালানটপকে জুনায়েদ বলেন, উত্তর প্রদেশে তার বাড়িতে গিয়ে পুলিশ তার বাবা ও ছোট ভাইকে তুলে নিয়ে গেছে। এছাড়া মীরাটে তার বোনের শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর ও ভাসুরকেও আটক করা হয়েছে।
জুনায়েদের প্রশ্ন, ‘আমার অপরাধ কী? মানুষকে পানি ও খাবার দেওয়া কি অপরাধ?’
এ ঘটনার পর ককরোচ জনতা পার্টি (সিজেপি) জুনায়েদের প্রতি সংহতি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দলটি অভিযোগ করে, ‘অপরাধীদের ধরার বদলে উত্তর প্রদেশ পুলিশ আমাদের স্বেচ্ছাসেবক মোহাম্মদ জুনায়েদের বাড়িতে সময় নষ্ট করছে। এখন তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে। আমরা তার সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাকে ও তার পরিবারকে একা ছেড়ে দেব না।’
তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মতামত দিন