রাজধানীর আজিজ সুপার মার্কেটের ফ্ল্যাটে মিলল ইন্টার্ন চিকিৎসকের পচাগলা মরদেহ
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (২৭) নামে এক ইন্টার্ন চিকিৎসকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে পরিবারের সদস্যরা তার সঙ্গে কয়েক দিন ধরে যোগাযোগ করতে না পেরে বাসায় গিয়ে মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সাল থেকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২৩ জুনের পর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনরা তার বাসায় যান। সেখানে মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস কোর্সে অধ্যয়নরত ছিলেন।
তার বড় বোন নাজুলা ফেরদৌসও একজন চিকিৎসক এবং একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন। দুই বোনের সর্বশেষ কথা হয়েছিল মঙ্গলবার। এরপর থেকে ফারার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
মতামত দিন