আওয়ামী লীগের বিচারের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থানে’ আওয়ামী লীগের ‘মানবতাবিরোধী কার্যক্রমের বিচার দ্রুত এবং নির্বিঘ্ন করার স্বার্থে আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি ও নেতাদের বিচারের সিদ্ধান্তকেও সঠিক বলে মন্তব্য করেছেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে চলমান মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তটি এসেছে শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে। রাজনৈতিক দলকে শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (সংশোধনী) অধ্যাদেশও জারি হয়েছে রোববার (১১ মে)।
রোববার দেয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎকালে তাকে দেয়া চিঠিতে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিলাম। ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সর্বশেষ সাক্ষাৎকালেও আকেটি চিঠিতে আমরা পতিত ফ্যাঁসিবাদী দল ও সেই দলীয় সরকারে যুক্তদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানিয়েছি’।
তিনি বলেন, ‘বিএনপি সব সময় স্পষ্ট করে বলেছে, আইনি প্রক্রিয়াতেই ফ্যাঁসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব ও উচিত। সভা-সমাবেশে ও আলোচনায় আমাদের এসব দাবি বার বার উত্থাপন করেছি। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারে যুক্তদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত এবং নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাঁসিবাদী দলটি ও তার সাথে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে’।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, ‘প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী, ফ্যাঁসিবাদী দলের বিচারের সিদ্ধান্তকে আমরা সঠিক বলে মনে করি। তবে আমাদের দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় অন্তর্বর্তী সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার বিষয়টি সতর্কতার সাথে মনে রাখবেন বলেও আশা করি’।
তিনি বলেন, ‘প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বলেই বিগত ফ্যাঁসিবাদী সরকার পতনের আগ মূহুর্তে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিলো বিএনপি’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে