‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ: হাইকোর্ট
এমএফএস (মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান) ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগ বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রশাসক নিয়োগ প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি করে রোববার (১৬ ফেব্রুয়ারি) এ রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।
এ রায়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নগদে প্রসাশক নিয়োগ সংক্রান্ত রিটটি খারিজ করে দিলেন আদালত।
রায়ের পর বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি বলেন, ‘নগদ ডাক বিভাগের এজেন্ট বলে রায়ে উল্লেখ করা হয়েছে। প্রশাসক নিয়োগের আগে কারণ দর্শানোর জন্য ডাক বিভাগকে নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ডাক বিভাগ নোটিশের জবাব দেয়। এছাড়া নগদের কার্যক্রম পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক অনিয়ম পায়। এসবের ভিত্তিতে গ্রাহকদের স্বার্থেই প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে রিট আবেদনকারীকে কোনো নোটিশ দেয়া হয়নি বলে দাবি করা হয় রিটে। যেহেতু নগদ ডাক বিভাগের এজেন্ট, তাই রিট আবেদনকারীর সংক্ষুব্ধতা থাকলে তিনি সেখানে আবেদন করতে পারতেন, যা তিনি করেননি। এসব দিক বিবেচনায় রিট গ্রহণযোগ্য না হওয়ায় তা খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে বাংলাদেশ ব্যাংককের নগদে প্রশাসক নিয়োগ বৈধ হলো।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে