পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে বোমা হামলা ও পরবর্তী গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ছয় হামলাকারী, ১৫ পুলিশ সদস্য ও ছয় বেসামরিক ব্যক্তি রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৫ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজের সময় কোহাতের পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। বিস্ফোরণে মসজিদের একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর সশস্ত্র হামলাকারীরা পুলিশ সদরদপ্তরের মূল অংশে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।
পাকিস্তান তেহরিক-ই-তালেবানের একটি অংশ হিসেবে পরিচিত ইত্তেহাদুল মুজাহিদিন হামলার দায় স্বীকার করেছে। হামলাস্থলটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়ায় এ ঘটনায় সীমান্তপারের জঙ্গি তৎপরতার বিষয়টিও সামনে এসেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে সহায়তার অভিযোগ করে আসছে। তবে আফগান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
প্রাদেশিক পুলিশের প্রধান জুলফিকার হামিদ আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর হামলাকারীরা পুলিশ সদরদপ্তরের কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করেছিল।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, আহতদের বেশিরভাগই জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। শক্তিশালী বিস্ফোরণে মসজিদের পাশাপাশি পুলিশ সদরদপ্তরের একটি দেয়ালও ধসে পড়ে। বিস্ফোরণের শব্দ ঘটনাস্থল থেকে অনেক দূর পর্যন্ত শোনা যায়।
হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: আলজাজিরা
মতামত দিন