নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজ ১৫০০
নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এখনো অন্তত ১ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার নেপাল পুলিশের বরাতে কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চিতওয়ানে ১২১, নওয়ালপরাসি পূর্বে ৭৪, ধাদিঙে ২৯, গোর্খায় ২৯, নুয়াকোটে ২৮, তানাহুনে ১৯, রাসুয়ায় ১৭ এবং নওয়ালপরাসি পশ্চিমে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বন্যার পরও বিভিন্ন এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
বন্যার পানি রাসুয়া ও অন্যান্য জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী দিয়ে ভাটির দিকে নেমে যায়। এতে বিভিন্ন বসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত সীমান্তবর্তী নেপালের অংশে অন্তত ৭০০ বিদেশি পর্যটকও নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকারী দল হেলিকপ্টারে করে নিখোঁজদের সন্ধান করছে। পাশাপাশি দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে তাঁবু, খাবারসহ জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
মতামত দিন