Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও চার শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ১,৩০০ ছুঁইছুঁই

দেশে হাম ও এর উপসর্গে শিশুমৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। অর্থাৎ মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছুঁইছুঁই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নভেম্বরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে হাম উপসর্গ দেখা গেছে এবং এক হাজার ২৬৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট দুই লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দুই লাখ ৯ হাজার ২০৭ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হাম উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১৯৪ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৯৯ জনে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৮৯ শিশুর মধ্যে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। এরপর চট্টগ্রামে ২২১, সিলেটে ১৯৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রাজশাহীতে ৪৩ এবং রংপুরে ২৮ শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ছয় শিশুর মৃত্যু হয়েছিল। ওই দিন হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ২৯৫।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ