ডিআর কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুন, নিহত ২২
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের লিংওয়ালা এলাকায় একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে অতিথিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভবনটির সরু পথ দিয়ে বের হওয়ার সময় অনেকে আটকা পড়েন।
লিংওয়ালা কমিউনের মেয়র নরবার্ট মুশিঙ্গা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিক হিসাবে মৃতের সংখ্যা ২২। আগুনে ভবনের ভেতরের বিভিন্ন সামগ্রীও পুড়ে গেছে। আহতদের কিনশাসার বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক ত্রুটি ও অনুষ্ঠানের সাজসজ্জার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত ও দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকমিন শাবানি। তিনি ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ অনুষ্ঠানস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে এবং ভবিষ্যতে এ ধরনের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
মতামত দিন