Views Bangladesh Logo

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির রাজধানী কারাকাসে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এই বিপর্যয়ে নিহতের সংখ্যা ১০ হাজার থেকে এক লাখ পর্যন্ত পৌঁছাতে পারে।

এমন পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প সান ফেলিপে শহরের কাছে আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর পার্শ্ববর্তী ইউমারে শহরের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, এই জোড়া ভূমিকম্প ভেনেজুয়েলায় গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিজ্ঞানী ভাশান রাইট আল জাজিরাকে জানান, ভেনেজুয়েলা ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান প্লেটের মাঝখানের একটি বৃহৎ 'স্ট্রাইক-স্লিপ ফল্ট জোনে' অবস্থিত হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা এতটা ব্যাপক হয়েছে। এ ছাড়া কারাকাস শহরটি একটি গভীর পাললিক অববাহিকায় অবস্থিত হওয়ায় ভূকম্পন তরঙ্গ আরও তীব্র রূপ নেয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে। ইতিমধ্যে অন্তত ২০টি আফটারশক (অনুকম্পন) রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

ভূমিকম্পের তীব্রতায় কারাকাসের নিকটবর্তী লা গুয়াইরা উপকূলীয় শহরের একটি বড় বিচ-হোটেল ধসে পড়েছে। ফালকন রাজ্যের গভর্নর ভিক্টর ক্লার্ক জানিয়েছেন, তার রাজ্যে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। সেখানে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগের পর কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে মেট্রো ও রেল সেবা। কারাকাসের বেশ কয়েকটি পৌর এলাকায় আগামী সোমবার পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম ও স্থানীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি জেরেমি লুইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি দুর্যোগ সহায়তা দল ও টাস্কফোর্স পাঠানো হচ্ছে। দ্রুতই সেখানে সার্চ অ্যান্ড রেসকিউ টিম, চিকিৎসা সরঞ্জাম এবং মানবিক সহায়তা পাঠানো হবে।

উল্লেখ্য, ১৮২১ সালের একটি ঐতিহাসিক সামরিক বিজয়ের স্মরণে দেশটিতে সরকারি ছুটি থাকায় ভেনেজুয়েলার অধিকাংশ মানুষই ঘটনার সময় ঘরে অবস্থান করছিলেন। ভূমিকম্পের পর সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।

সূত্র: সিএনবিসি, এবিসি নিউজ, সিএনএন

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ