Views Bangladesh Logo

ডিবিসি নিউজ নারী প্রার্থীকে টকশো থেকে সরানো সাংবাদিকতার নীতি লঙ্ঘন: বাসদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ডিবিসি নিউজের জনপ্রিয় টকশো “জনতার দরবার”-এ নারী প্রার্থী হিসেবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর প্রতি বৈষম্যমূলক ও অবমাননাকর আচরণের অভিযোগ তুলেছে দলটি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ বরিশাল জেলা শাখা।

রোববার (২৮ জানুয়ারি) এক যুক্ত বিবৃতিতে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম ও সুজন আহমেদ বলেন, ডিবিসি নিউজের অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠান পরিচালনায় তার প্রতি বৈষম্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে ডা. মনীষা চক্রবর্তীকে প্রথম পর্বে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলেও দ্বিতীয় পর্বে তাকে আর আলোচনায় অংশ নিতে দেওয়া হয়নি। প্রায় ২০ মিনিট পর তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় এবং পরে তাকে কার্যত আলোচনা থেকে সরিয়ে দেওয়া হয়। এতে করে দর্শকদের সামনে একজন নারী প্রার্থীর মত প্রকাশের অধিকার খর্ব করা হয়েছে।

বাসদের নেতারা অভিযোগ করেন, ডিবিসি নিউজ কর্তৃপক্ষ ভুল তথ্য উপস্থাপন করে নারী প্রার্থীকে টকশো থেকে নামিয়ে দেওয়ার মাধ্যমে সাংবাদিকতার নৈতিকতা লঙ্ঘন করেছে। তারা এটিকে নারী প্রার্থীর প্রতি অবমাননাকর ও বৈষম্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংসদ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। অথচ একজন নারী প্রার্থীকে একই মঞ্চে বসিয়ে মতবিনিময়ের সুযোগ না দিয়ে তাকে অবমূল্যায়ন করা হয়েছে, যা নারী রাজনীতিবিদদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।

বাসদ নেতারা প্রশ্ন তোলেন, একজন নারী প্রার্থীর সঙ্গে টকশোতে সমানভাবে আলোচনা করতে অস্বীকৃতি জানানো হলে তিনি সংসদে গিয়ে কীভাবে নারীদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন?

তারা বলেন, এ ঘটনা শুধু একজন নারী প্রার্থীর প্রতি অবমাননা নয়, বরং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

ডিবিসি নিউজ কর্তৃপক্ষের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এর ব্যাখ্যা ও দায় স্বীকারের দাবি জানিয়েছে বাসদ বরিশাল জেলা শাখা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ