অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে ভাটারার পিওএইচএস-১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ির পাশে আড়াইতলা ভবনটিতে অভিযান শুরু হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চলে। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে বাড়িটিতে অভিযান চালানো হয়।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং দিয়ে এসব পার্টিতে অংশ নিতেন।
তিনি আরও জানান, পার্টি থেকে আয়ের ৭০ শতাংশ পেতেন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির এবং বাকি ৩০ শতাংশ নিতেন তাঁর স্টাফরা। বাড়িটিতে সব পার্টি পরিচালনার দায়িত্বে ছিলেন দুজন হোস্ট। তাঁদের একজন মাহাবুল আলমকে আটক করা হয়েছে।
আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান সম্পর্কে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
মতামত দিন