Views Bangladesh Logo

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

রাজধানীর বনানী এলাকা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড এবং বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুল হাফিজকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বনানীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগ, রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে। এ ছাড়া ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও যোগসাজশের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে আব্দুল হাফিজের বক্তব্য কিংবা তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারিক ও তদন্ত কার্যক্রম চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ