মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ শিগগিরই ঘোষণা হবে: দীনেশ ত্রিবেদী
ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ট্রেনটি চালুর নির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা সম্ভব হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, এখন বিমানপথে যাতায়াত একটি আলাদা বিষয়। তবে সাধারণ মানুষ সড়ক ও রেলপথে যাতায়াত করেন। তিনি বলেন, ‘আমি তো রেলমন্ত্রী ছিলাম। রেলমন্ত্রী মানে সাধারণ মানুষ।’
তিনি বলেন, রেল যোগাযোগ কোনো কারণে বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়নি। বরং মালবাহী ট্রেনের চলাচল প্রায় দ্বিগুণ হয়েছে বলে তিনি শুনেছেন। এটিকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এর অর্থ দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে।
মালবাহী ট্রেন চলাচলের এই অগ্রগতিকে ইতিবাচক উল্লেখ করে হাইকমিশনার বলেন, সড়ক, রেল ও নৌপথে বাণিজ্যিক যোগাযোগ কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে ভাবতে হবে।
মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘মনে হচ্ছে খুব শিগগিরই আমরা মৈত্রী এক্সপ্রেসের বিষয়ে একটা ভালো খবর দিতে পারব।’ তিনি জানান, ট্রেনটি চালুর বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক চলছে এবং যত দ্রুত সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ট্রেনটি চালুর নির্দিষ্ট তারিখ যেকোনো সময় ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, ‘খুব শিগগিরই আমরা একটা ফিক্সড ডেট দিয়ে দিতে পারব।’
দুই দেশের যোগাযোগব্যবস্থা আরও সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, মন্ত্রী একটি রুটে যাতায়াতে বর্তমানে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগার কথা উল্লেখ করে তা কীভাবে তিন ঘণ্টা কমানো যায়, সে বিষয়ে আলোচনা করেছেন। এ ক্ষেত্রে পদ্মা সেতু ব্যবহারের বিষয়ে কারিগরি দিক নিয়েও আলোচনা হয়েছে।
মতামত দিন