জামায়াত ক্ষমতায় এলে নারী সমাজের জন্য দুর্দিন নেমে আসবে: রিজভী
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জামায়াতের বক্তব্য শুনলে স্পষ্ট বোঝা যায়—তারা ক্ষমতায় এলে নারী সমাজের জন্য দুর্দিন নেমে আসবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী জামায়াতকে উদ্দেশ করে বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে যে নারীদের ধরলেন? নাকি অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়েছিল?
তিনি বলেন, শফিকুর রহমানের বক্তব্যে নারী সমাজকে চরমভাবে অপমান করা হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হয়েছেন। অথচ এখন বলেন দলের প্রধান নারী হতে পারবেন না। তাহলে আপনারা কেন একজন নারীকে মনোনয়ন দেননি?
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে যে আগুন জ্বলে উঠবে, তাতে জামায়াত পুড়ে ছারখার হয়ে যাবে।
তিনি আরও বলেন, যে মায়ের গর্ভ থেকে সবার জন্ম, সেই নারী জাতিকে পায়ের নিচে রাখতে চায় জামায়াত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ১২ তারিখে নারীরা প্রমাণ করে দেবে—নারীদের হেয় করে কোনো দলই বিজয়ী হতে পারে না।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে