Views Bangladesh Logo

মাদক বিক্রির অভিযোগ নিয়ে দারাজের বিবৃতি

Press Release

প্রেস রিলিজ

অনলাইন প্ল্যাটফর্মে ‘সিবিডি অয়েল’ নামে নিষিদ্ধ মাদক টিএইচসি বিক্রির অভিযোগে এক কেমিস্ট গ্রেপ্তারের ঘটনায় বিবৃতি দিয়েছে দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা, প্রচলিত আইন মেনে চলা এবং গ্রাহকের আস্থাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়।

বিবৃতিতে দারাজ বাংলাদেশ বলেছে, ‘আমাদের নীতিমালা কিংবা দেশের প্রচলিত আইন লঙ্ঘন করে এমন কোনো পণ্য প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হলে তা প্রতিরোধে দারাজের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট পণ্যটি তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নীতিমালার আলোকে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। একই সঙ্গে প্ল্যাটফর্মে অনুরূপ কোনো পণ্য রয়েছে কি না, তা শনাক্ত ও অপসারণ করতে নিয়মিত নজরদারি ও যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

কোনো পণ্য নিয়ে সন্দেহ বা আপত্তি থাকলে তা সরাসরি দারাজকে জানাতে গ্রাহক ও ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। দারাজ বাংলাদেশ বলেছে, ‘প্রাপ্ত প্রতিটি অভিযোগ আমাদের সংশ্লিষ্ট টিম পর্যালোচনা করে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।’

গ্রাহকদের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে দারাজ বাংলাদেশ বলেছে, পণ্যের সর্বোচ্চ মান ও আইনি সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ