হাইতি ম্যাচের আগে আত্মসমালোচনায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নখদন্তহীন পারফরম্যান্স নিয়ে চর্চা যেন থামার নয়। দলটির পরের ম্যাচ নিয়ে দানিলোর সংবাদ সম্মেলনেও উঠল সেই প্রসঙ্গ। আত্মসমালোচনা করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেছেন, প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি তারা।
গত রোববার আফ্রিকার দলটির বিপক্ষে ১-১ ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করে ব্রাজিল। সেদিন যে হতশ্রী পারফরম্যান্স করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই।
উত্তাপহীন ওই লড়াইয়ে শুরুতে গোল হজম করে বসে ব্রাজিল। ২১তম মিনিটে প্রতি আক্রমণে মরক্কোকে এগিয়ে নেন ইসমায়েল সাইবারি। যদিও সেই গোল শোধ করতে সময় নেয়নি লাতিন আমেরিকার দলটি। ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে সমতা ফেরায় তারা।
দ্বিতীয়ার্ধে দুই দলেরই খেলার গতি কমে যায়। গোল হজম যেন করতে না হয়, সেদিকেই বেশি মনোযোগী দেখা যায় তাদের। তাতে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা মেলেনি।
শক্তি, সামর্থ্য ও ফুটবল ঐতিহ্যে মরক্কোর চেয়ে এগিয়ে থাকলেও, ব্রাজিলের মাঠের পারফরম্যান্সে এর ছাপ ছিল না। তাদের নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। পরের ম্যাচের আগেও ঘুরেফিরে আসছে মরক্কোর বিপক্ষে সেই হতাশার প্রসঙ্গ।
‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা দানিলো বলেছেন, এখন আগে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেটা নিয়ে কাজ করতে হবে তাদের।
‘আমাদের (নিজেদের নিয়ে) পরিষ্কার ধারণা থাকতে হবে। উন্নতি করার ও ভুল শুধরানোর সর্বোত্তম উপায় হলো বাস্তবতার মুখোমুখি হওয়া এবং নিরপেক্ষভাবে যা ঘটেছে তার চুলচেরা বিশ্লেষণ করা।’
‘আমাদের নিশ্চিতভাবে বুঝতে হবে যে, (মরক্কো ম্যাচে) প্রথমার্ধে আমরা সামর্থ্যের ধারেকাছেও ছিলাম না। আর ব্রাজিল দলের কাছ থেকে যে মানের পারফরম্যান্স প্রত্যাশা করা হয়, সেটিও আমরা দিতে পারিনি।’
মতামত দিন