Views Bangladesh Logo

চুল পড়ার নেপথ্যে দৈনন্দিন যে ভুলগুলো দায়ী, জানালেন বিশেষজ্ঞরা

 VB  Desk

ভিবি ডেস্ক

চুল পড়ার পেছনে বংশগত কারণ, হরমোনের তারতম্য কিংবা পুষ্টির ঘাটতির কথাই সবচেয়ে বেশি আলোচিত হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন জীবনের বেশ কিছু সাধারণ অভ্যাসও চুল পড়ার পেছনে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এসব ভুলের মাত্রা বেড়ে যায় বলেই চুলের সমস্যায় ভোগেন অনেকে। চুল সুস্থ রাখতে হলে আগে জানা দরকার, কোন অভ্যাসগুলো নিঃশব্দে চুলের ক্ষতি করে যাচ্ছে।

শক্ত করে চুল বাঁধার অভ্যাস
গরমের সময় স্বস্তির জন্য অনেকেই চুল টেনে শক্ত করে বাঁধেন, কেউ কেউ আবার দিনের বেশির ভাগ সময় টানটান পনিটেইল বা বেণি করে রাখেন। এতে সাময়িকভাবে পরিপাটি দেখালেও দীর্ঘমেয়াদে চুলের গোড়ায় ক্রমাগত চাপ পড়তে থাকে। ফলে চুলের শিকড় ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং একসময় চুল ভেঙে পড়তে বা উঠে যেতে শুরু করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ট্র্যাকশন অ্যালোপেসিয়া, যা দীর্ঘদিন ধরে টানটান কেশবিন্যাসের অভ্যাস থেকে তৈরি হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, চুল বাঁধার সময় গোড়ায় যেন অতিরিক্ত টান না পড়ে, সেদিকে সতর্ক থাকা জরুরি। শক্ত রাবার ব্যান্ডের বদলে নরম কাপড়ের ফিতা বা সিলিকন-কোটেড ব্যান্ড ব্যবহার করা তুলনামূলক নিরাপদ। পাশাপাশি প্রতিদিন একই কায়দায় শক্ত করে চুল না বেঁধে মাঝেমধ্যে চুল খোলা রাখাও গোড়ার জন্য উপকারী।

নিয়মিত মাথা না ধোয়া
ব্যস্ততা কিংবা আলসেমির কারণে অনেকেই নিয়মিত মাথা ধুতে চান না। কিন্তু এতে মাথার ত্বকে ঘাম, ধুলাবালি, বাড়তি তেল ও মৃত কোষ জমে থাকার সুযোগ পায়। সময়ের সঙ্গে এসব উপাদান চুলের গোড়ায় জমে গোড়া দুর্বল করে দেয়, তৈরি হয় খুশকি, চুলকানি ও প্রদাহের মতো নানা সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, গরম ও আর্দ্র আবহাওয়ায় মাথার ত্বক সবচেয়ে বেশি ঘামে ও তেলতেলে হয়ে ওঠে বলে এই সময় সপ্তাহে একাধিকবার মাথা পরিষ্কার রাখা প্রয়োজন। মাথার ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ।

ভেজা চুলের অযত্ন
মাথা ধোয়ার পরপরই চুল সবচেয়ে নরম ও ভঙ্গুর অবস্থায় থাকে। এই সময় জোরে তোয়ালে দিয়ে ঘষে ঘষে পানি মোছা কিংবা তাড়াহুড়ো করে জট ছাড়ানোর চেষ্টা করলে চুল সহজেই ছিঁড়ে যায়। ফলে যতটা যত্ন নেওয়ার কথা, উল্টো ততটাই ক্ষতি হয়ে যায় এই ভুলে।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ভেজা চুল সবসময় আলতো হাতে মুছে শুকাতে হবে, প্রয়োজনে নরম সুতির তোয়ালে বা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা যেতে পারে। চুল আঁচড়ানোর সময়ও ধৈর্য ধরে প্রথমে নিচের দিকের জট ছাড়িয়ে তারপর ধীরে ধীরে ওপরের দিকে ওঠা উচিত, চওড়া দাঁতের চিরুনি ব্যবহার করলে চুল ছেঁড়ার ঝুঁকি কম থাকে।

ভেজা চুলে সরাসরি তাপ প্রয়োগ

অনেকেই মাথা ধোয়ার পরপরই হেয়ার ড্রায়ার বা স্ট্রেইটনারের মতো তাপনির্ভর যন্ত্র ব্যবহার শুরু করে দেন। কিন্তু চুল ভেজা অবস্থায় তাপ প্রয়োগ করলে চুলের ভেতরের প্রাকৃতিক আর্দ্রতা দ্রুত উবে যায়, যার ফলে চুল হয়ে পড়ে রুক্ষ ও ভঙ্গুর। দীর্ঘদিন এই অভ্যাস চালিয়ে গেলে চুল পড়ার ঝুঁকিও বাড়তে থাকে।

বিশেষজ্ঞদের পরামর্শ, চুল স্বাভাবিকভাবে পুরোপুরি শুকানোর পরই প্রয়োজন হলে তাপ প্রয়োগ করা উচিত। একান্ত জরুরি হলে হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করে সবচেয়ে কম তাপমাত্রায় যন্ত্র চালানো তুলনামূলক নিরাপদ।

অতিরিক্ত তেল ব্যবহার
রাতভর মাথায় অতিরিক্ত তেল মেখে ঘুমানোর অভ্যাস অনেকের মধ্যেই দেখা যায়, বিশ্বাস করা হয় এতে চুল পুষ্টি পায়। কিন্তু গরমের সময় বাড়তি তেল মাথার ত্বকে ঘাম ও ময়লার সঙ্গে মিশে গিয়ে লোমকূপ বন্ধ করে দিতে পারে। এতে মাথার ত্বকে প্রদাহ, ফুসকুড়ি কিংবা চুলকানির মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে, যা পরোক্ষভাবে চুল পড়াকেও ত্বরান্বিত করে।

বিশেষজ্ঞরা তাই পরিমিত পরিমাণে তেল ব্যবহারের পরামর্শ দেন, রাতভর না রেখে কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলাই ভালো। গরমের দিনগুলোতে হালকা তেল বা তেল ছাড়াই মাথার ত্বক পরিষ্কার রাখার দিকে মনোযোগ দেওয়া উচিত বলেও মত দেন তাঁরা।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ