Views Bangladesh Logo

শপথ নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন ডি. কে. শিবকুমার

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি. কে. শিবকুমার।

বুধবার (৩ জুন) বিকেলে বেঙ্গালুরুর লোক ভবন চত্বরে অবস্থিত গ্লাস হাউসে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবকুমার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জি পরমেশ্বর।

সমর্থকদের উচ্ছ্বসিত স্লোগানের মধ্যে মঞ্চে উঠে প্রথমে তাঁর আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত শ্রী বীর গঙ্গাধর স্বামীজির (নোনাভিনাকেরে আজ্জা বা বীর গঙ্গাধর আজ্জা নামে পরিচিত) প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিবকুমার। এরপর তিনি মুখ্যমন্ত্রী পদ ও গোপনীয়তা রক্ষার শপথ গ্রহণ করেন। সংবিধানের একটি কপি হাতে নিয়ে এবং বীর গঙ্গাধর আজ্জার নাম স্মরণ করে তিনি শপথ নেন।

অনুষ্ঠান শুরু হয় ‘বন্দে মাতরম’ পরিবেশনের মাধ্যমে। এরপর কর্ণাটক রাজ্য পুলিশ ব্যান্ড জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পাশাপাশি রাজ্যের সরকারি সংগীতও বাজানো হয়।কর্ণাটক সরকারের মুখ্যসচিব শালিনী রজনীশ উপস্থিত বিশিষ্ট অতিথি ও আমন্ত্রিতদের স্বাগত জানান। আনুষ্ঠানিকতা শুরুর আগে শিবকুমার বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-কে শাল পরিয়ে সম্মান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভু বখরু, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সুখবিন্দর সিং সুখু, রেভান্থ রেড্ডি, কংগ্রেস নেতা ভি. ডি. সাথীসান, কে. সি. ভেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালা-সহ একাধিক শীর্ষ কংগ্রেস নেতা।

শপথগ্রহণের আগে মুখ্যসচিব শালিনী রাজনীশ রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট-এর অনুমতি প্রার্থনা করেন। রাজ্যপালের সম্মতির পর আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

কর্ণাটকের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল এই গুরুত্বপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠান। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সাংবিধানিক পদাধিকারীসহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ডি. কে. শিবকুমার। উৎসবমুখর এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় রাজনৈতিক উচ্ছ্বাস ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ