পেনাল্টিতে রক্ষা, চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করে আশা বাঁচাল দক্ষিণ আফ্রিকা
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কঠিন চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’-এ নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় ছিল প্রায় অপরিহার্য। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তেবোহো মোকোয়েনার পেনাল্টি গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে হুগো ব্রুসের শিষ্যরা।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। তারই ফল হিসেবে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় ইউরোপিয়ান দলটি। ডান প্রান্ত থেকে আসা একটি লম্বা থ্রো নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের সূচনা করেন অ্যাডাম হ্লোজেক। এরপর চমৎকার সমন্বয়ে সোইকার পাস থেকে বল পেয়ে জোরালো শটে গোল করেন মিখাল সাদিলেক। চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত দ্রুততম গোলও এটি।
প্রথমার্ধে গোল শোধে মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ আফ্রিকা। তবে চেক রক্ষণভাগের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় তারা। বিরতির আগে সমতায় ফেরার একটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আফ্রিকান প্রতিনিধিরা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায় চেক প্রজাতন্ত্র।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। ৪৭তম মিনিটে প্যাট্রিক শিকের শক্তিশালী হেড দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। এরপর কোচ হুগো ব্রুস আক্রমণভাগে গতি আনতে এভিডেন্স মাকগোপাকে মাঠে নামান। ৭৩তম মিনিটে তার হেড থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু চেক গোলরক্ষকের অসাধারণ সেভে বঞ্চিত হয় তারা।
অবশেষে ম্যাচের মোড় ঘুরে যায় ৮০তম মিনিটে। থাপেলো মাসেকোর নেওয়া শট ডি-বক্সের ভেতরে হাতে ঠেকান চেক প্রজাতন্ত্রের বদলি ডিফেন্ডার পাভেল শুলৎস। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। দুই মিনিট পর স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।
শেষ দিকে দুই দলই জয়ের গোলের খোঁজে মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকে থাকল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র—দুই দলেরই।
ম্যাচটিতে একাদশে বড় পরিবর্তন এনেছিল উভয় দল। চেক কোচ পাঁচটি পরিবর্তন করে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বেঞ্চে বসান। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া খেলতে নামা দক্ষিণ আফ্রিকাও একাদশে তিনটি পরিবর্তন আনে। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে কোনো দলই পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পারেনি।
মতামত দিন