Views Bangladesh Logo

রাজধানীর রাস্তায় হঠাৎ পর্দাঘেরা মহিলা রিকশা

পুরোনো দিনের পর্দাঘেরা ‘মহিলা রিকশা’ নতুন করে প্রদর্শন আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। আধুনিক নগরব্যবস্থার ভিড়ে হারিয়ে যাওয়া এই রীতিকে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণিল শোভাযাত্রায় ঐতিহ্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হওয়া ‘ঢাকা শোভাযাত্রা’য় দেখা যায় পর্দায় ঢাকা কয়েকটি রিকশা। শোভাযাত্রায় স্টিমার, ঘোড়ার গাড়ি, পালকিসহ পুরোনো দিনের নানা বাহনের পাশাপাশি ঢাকার ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন প্রতীক তুলে ধরা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার উদ্দেশ্য ছিল নগরের ৪১৬ বছরের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা। তবে সেই আয়োজনেই ‘মহিলা রিকশা’কে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন উঠেছে। যদিও এটিকে অনেকেই নিছক ঐতিহ্যের নিদর্শন হিসেবে দেখছেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই আশঙ্কা করছেন, নারীদের চলাচলে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপিত হচ্ছে কিনা।

শোভাযাত্রায় আহসান মঞ্জিল, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, আর্মেনিয়ান গির্জা, লালবাগ কেল্লাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতিও প্রদর্শন করা হয়। পাশাপাশি রানী ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, লীলা নাগ, নিকোলাস পোগোজ ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রের প্রতীকী উপস্থাপন ছিল।

পুরান ঢাকার খাবারের ঐতিহ্যও তুলে ধরা হয়। বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতি রাখা হয় শোভাযাত্রায়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ